সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

মাধ্যমিকে ক্লাস পরীক্ষায় ফল বিপর্যয়, ৯৫ শতাংশ পর্যন্ত ফেল

 


দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানে সম্প্রতি অনুষ্ঠিত মাধ্যমিক শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফল উদ্বেগজনক। অধিকাংশ শ্রেণিতে পাসের হার ৫০ শতাংশের নিচে। সর্বোচ্চ ফেল প্রায় ৯৫ শতাংশ। আরেক সেরা স্কুল গভর্নমেন্ট ল্যাবরেটরির অবস্থাও করুণ। প্রতিষ্ঠানটিতে একটি শ্রেণির পাসের হার ১৩ দশমিক ৬৬। টেস্টে একটি বিভাগে পাসের হার আবার শূন্য। হলিক্রসসহ রাজধানীর অন্য নামি স্কুলগুলোর চিত্রও সন্তোষজনক নয়। করোনাভাইরাস পরবর্তী বিভিন্ন পরিস্থিতিতে শিক্ষার্থীদের এ অবনতি বলে মনে করছেন শিক্ষক, অভিভাবক ও স্বয়ং শিক্ষার্থীরা।

এসব প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকরা বলছেন, করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই ছুটি ও তৎপরবর্তী সময়ে মোবাইল ফোন, টিভি এবং অন্যান্য ডিভাইসে শিক্ষার্থীরা ঝুঁকে পড়ে বেশি, কেউ কেউ আসক্তও হয়। এই আসক্তিই পাঠ্যবইয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ নষ্ট করে দিয়েছে। নিয়মিত হাতের লেখার চর্চা না থাকায় কমেছে অনেকের লেখার গতি। যে কারণে পরীক্ষায় তারা যথাযথ উত্তর লিখতে ব্যর্থ হচ্ছে।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (মূল শাখা, বেইলি রোড) মাধ্যমিকের সবগুলো শ্রেণির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালের মাধ্যমিক পর্যায়ের অর্ধ সাময়িক পরীক্ষায় বাংলা ভার্সনে নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ১৬৫৮ জন পরীক্ষা দিয়ে ফেল করেছে ১০৭৩ জন। ফেলের হার ৭৩ দশমিক ৭০ শতাংশ। এ বিভাগে বেশি ফেল উচ্চতর গণিতে, ৬২ দশমিক ৯৬ শতাংশ। এরপরই গণিতে ৫১ দশমিক ৩১ শতাংশ, রসায়নে ৪১ দশমিক ৬৯ শতাংশ, জীববিজ্ঞানে ৩৬ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর মধ্যে ৩ দশমিক ৬৬ শতাংশ ছাত্রী পেয়েছে জিপিএ-৫।

বাবসায় শাখার ফলে দেখা যায়, ১৭৭ জন অর্ধসাময়িক পরীক্ষা দিয়ে মাত্র ১৯ জন পাস করেছে, ফেল করেছে ১৫৮ জন। ফেলের হার ৮৯ দশমিক ২৭ শতাংশ। একজনও জিপিএ-৪ পায়নি। বিভাগভিত্তিক গণিতে ৮৭ দশমিক ০১ শতাংশ ছাত্রী ফেল করেছে। এরপর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে ৩৭ দশমিক ২৯ শতাংশ, অ্যাকাউন্টিংয়ে ৩৬ দশমিক ১৬ শতাংশ, বাংলায় ৩৩ দশমিক ৩৩ শতাংশ ফেল করেছে।

মানবিক বিভাগে দেখা যায়, ৭৩ জনের মধ্যে মাত্র চারজন পাস করেছে। ফেলের হার ৯৪ দশমিক ৫২ শতাংশ। এ বিভাগে কেউ জিপিএ-৫ পায়নি। বেশি ফেল গণিতে ৮৪ দশমিক ৯৩ শতাংশ। এরপর রিলেজিয়ান অ্যান্ড মোরাল এডুকেশনে ৮০ দশমিক ৮২ শতাংশ, ইতিহাসে ৭৬ দশমিক ৭১ শতাংশ, হোম সায়েন্স, ইকোনমিক্স, বাংলা, ইংরেজি বিষয়ে ৫০-৬০ শতাংশের ওপরে ফেলের হার।

ভিকারুননিসায় চলতি বছরের অর্ধবার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণিতে ১৭৯৮ জনের মধ্যে পাস করেছে ৭১০ জন। পাসের হার ৩৯ দশমিক ৪৯ শতাংশ, ফেলের হার ৬০ দশমিক ৫১ শতাংশ। এ স্তরে বিজ্ঞানে ৪২ দশমিক ৭৭ শতাংশ, গণিতে ৩৯ দশমিক ২৭ শতাংশ, বাংলাদেশ ও গ্লোবাল স্ট্যাডিজে ৩৮ দশমিক ২৭ শতাংশ, বাংলায় ২৪ দশমিক ২৫ শতাংশ ফেল করেছে।


শেয়ার করুন

লেখক:

সম্পাদক : মোঃ সজিব হোসেন সজিব ডিজাইন লিমিটেডের একটি প্রতিষ্ঠান © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | সংবাদ৫২.জিকিউ মির্জাপুর অফিস রোড, ভাওড়া বাজার, মির্জাপুর,টাঙ্গাইল মোবাইল: +৮৮ ০১৩১৬৯৫৯০০০ ই-মেইল: sozibhossainofficial@gmail.com